image

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী বুস্টার জামাল ৫সহযোগীসহ গ্রেপ্তার

image

ছিনতাকারী দলের ৫ সদস্যসহ চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী মোঃ জামাল প্রকাশ বুস্টার জামাল(৩৫) গ্রেফতার হয়েছে। 

ডাকাতির প্রস্তুতিকালে বুধবার (১৮ আগস্ট) ভোরে পাঁচ সহযোগীসহ তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতার জামাল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বদলদা বাজারের জিরুইন গ্রামের আব্দুল জলিলের ছেলে।

গ্রেফতার বাকিরা হলেন মোঃ তুফান (২৫), মোঃ আরিফ হোসেন (২৫), মোঃ লিটন প্রকাশ সুমন (৩৫), মোঃ আনোয়ার হোসেন (৩০) এবং মোঃ হানিফ (৩২)।

জানা যায়, জামাল ও তার সাঙ্গপাঙ্গরা আগ্রাবাদ নালাপাড়া গলির মুখে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা, একটি কাটার, একটি প্লাস, একটি রেঞ্চ এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুস্টার জামাল জানান, তারা  চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিএনজি করে ঘুরে ঘুরে টার্গেট নির্ধারণ করে। পরিকল্পনা করে ছিনতাই কিংবা ডাকাতি করে পরে এই সিএনজি নিয়ে পালিয়ে যান তারা। 

গ্রেফতার হওয়া জামালের বিরুদ্ধে ৫টি, তুফানের বিরুদ্ধে ৩টি, লিটনের বিরুদ্ধে ৫টি, আনোয়ারের বিরুদ্ধে ৩টি এবং হানিফের বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বুস্টার জামাল চট্টগ্রামের অন্যতম শীর্ষ ছিনতাইকারী। তার গ্রুপ বুস্টার গ্রুপ নামে পরিচিত। তার গ্রুপের সবাই অন্য পেশার ফাঁকে ছিনতাই, ডাকাতি ও চুরি করে। তাদের কেউ রিকশা চালক, কেউ সিএনজি চালক। তারা দিনভর গাড়ি চালান। রাতে আর ভোরে ছিনতাই, চুরি ও ডাকাতি করেন। তারা গ্রিল কেটে দোকানও ডাকাতি করেন।