বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগরের আওতাধীন দুই থানার কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে অবশেষে হস্তক্ষেপ করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
সম্প্রতি ঘোষিত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন আকবরশাহ ও বায়জিদ থানার ভিন্ন ভিন্ন আহবায়ক কমিটি নিয়ে তৈরী হওয়া ধুম্রজাল কাটাতে কেন্দ্রীয় সংসদ বিবৃতির মাধ্যমে কমিটি অনুমোদন দিতে বাধ্য হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দলটির কেন্দ্রীয় দফতর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এ কমিটির অনুমোদন দেন।
হাসান মাহমুদকে আহবায়ক, মহসিন আহমেদ তৌসিবকে সদস্য সচিব করে আকবর শাহ থানা এবং আলতাফ হোসেনকে আহবায়ক, কাজী মোঃ মহিউদ্দিনকেন সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট বায়েজিদ থানার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র।
উল্লেখ্য গত ১৮ আগষ্ট চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল কর্তৃক ঘোষিত আহ্বায়ক কমিটি ৩ ধাপে প্রকাশ পায়। ফলে এ নিয়ে নানান জটিলতা দেখা দেয় এবং তৃণমূল কর্মীরা কোন কমিটি চুড়ান্ত তা নিয়ে সন্দিহান ছিল। সর্বশেষ কেন্দ্রীয় দফতর সম্পাদক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির চুড়ান্ত নাম প্রকাশ করেন।
এবিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক রফিকুল ইসলাম বলেন, উপরোক্ত নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি অনুমোদিত হয়েছে। কেন্দ্র থেকে আমরা বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে ক্লিয়ার করলাম। আশাকরি আর কোন জটিলতা থাকবেনা। এর বাইরে কেউ যদি আমাদের অনুমোদিত কমিটির বিষয়ে পুনরায় বিভ্রান্তি ছড়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
Developed By Muktodhara Technology Limited