ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে মালবাহী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবস্থা বেগতিক দেখে পিকআপের চালক নেমে পড়ায় ভাগ্যক্রমে বেঁচে যান।
সোমবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১২টার সময় চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর ইয়াকুব নগর এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।
চট্রগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে রেললাইনে উঠে যাওয়া একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পিকআপ ভ্যান। পিকঅপ ভ্যানটি রেললাইনে উঠেপড়ার পর স্লিপারে আটকে যায়। অনেক চেষ্টা করে লাইন পার হতে না পেরে ট্রেন কাছাকাছি এসে পড়ায় চালক নেমে পড়ে প্রাণে বেঁচে যান।
তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, সীতাকুণ্ডের ইয়াকুব নগর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পিকআপটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।এতে প্রায় দুঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।
Developed By Muktodhara Technology Limited