image

হালদায় অভিযানে ৫শ মিটার জাল জব্দ, আটক ১

image

দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৫শ মিটার জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।   তবে অভিযান পরিচালনা করতে গিয়ে বাধার সম্মুখীনে পড়েন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। এসময় অভিযানে বাধাদানকারী লোকমান নামে একজনকে ততক্ষণাত আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীতে অবৈধ জাল জব্দ করতে গেলে পার্শ্ববর্তী রাউজান উপজেলার মনু মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় অবৈধ মৎস্য শিকারী চক্ররা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের অভিযান বোট লক্ষ্য করে ইটের কণা ছোড়ে ও আক্রমনাত্মকভাবে এগিয়ে আসে। দ্রুত অভিযানের কৌশল পরিবর্তন করে হাটহাজারী থানা ও রাউজান উপজেলা নির্বাহী অফিসার এর সহযোগিতায় রাউজান থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে পুনরায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এসময় অভিযানে বাধাদানকারী চক্রের মূল হোতা লোকমান নামের একজনকে আটক করা হয়। একইসাথে তার স্বীকারোক্তি ও স্থানীয়দের সহযোগিতায় অন্যান্য বাধাদানকারীদের সনাক্ত করা হয় এবং তাদের তালিকা রাউজান থানায় হস্তান্তর করা হয়।

সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ও মা মাছের অভয়াশ্রম হালদা নদী রক্ষার্থে উপজেলা প্রশাসন সবসময়ই কঠোর। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।