নিখোঁজের ২৪ দিনেও খোঁজ মেলেনি আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের এক মাদ্রাসা শিক্ষার্থীর। ওই শিক্ষার্থী ২৩ অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে আর বাড়ী ফেরেনি। পরে নিখোঁজ ছাত্রীর বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় ডায়েরী করেছেন।
পরিবারের দাবী স্থানীয় ওসমান নামের এক ছেলে তাকে অপহরণ করেছে। তবে পুলিশের ধারণা প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা আত্মগোপনে চলে যায়।
মুন্নির পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মেয়ে ৮ম শ্রেণির ওই ছাত্রী ২৩আগষ্ট প্রতিদিনের মতো বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া আলিম মাদ্রাসায় অ্যাসাইনমেন্ট জমা দিতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ী না ফেরলে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করার পর না পেয়ে পরের দিন আনোয়ারা থানায় নিখোঁজ ডায়েরী করে। কিন্তু নিখোঁজের ২৪ দিনেও মুন্নির খোঁজ পায়নি পরিবার।
নিখোঁজ শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়েকে ওসমান নামের ছেলেটা বিভিন্ন সময় মাদ্রাসায় যাওয়া আসা করার সময় উত্ত্যক্ত করত। ওসমানের বাবা আমার মেয়েকে অপহরণের কথা স্বীকার করলেও এখনো পর্যন্ত মেয়েকে ফিরিয়ে দিচ্ছেনা। আমি মেয়েকে ফেরত চায়।
মুন্নির বাবা বলেন, প্রতিদিনের মতো তার মেয়ে মাদ্রাসায় অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে আর বাড়ী ফেরেনি। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৪ আগষ্ট থানায় ডায়েরী করি। পরে জানতে পারি স্থানীয় মো. সিরাজের ছেলে মো. ওসমান আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়, ওসমানের বাবাও একথা স্বীকার করেছে। কিন্তু পুলিশ এখনো আমার মেয়ের খোঁজ বা উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও আনোয়ারা থানার উপ-পুলিশ পরিদর্শক মউশি মার্মা জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে। ধারনা করা হচ্ছে প্রেমঘটিত সম্পর্কে ছেলে এবং মেয়ে আত্মগোপন করে আছে।
Developed By Muktodhara Technology Limited