বাণিজ্যিক রাজধানীখ্যাত চট্টগ্রামের বাণিজ্যিক পাড়া আগ্রাবাদের মূল সড়কের পাশে নালায় ডুবে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম সেহেরীন মাহবুব সাদিয়া (১৯)। সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাদিয়া তার মামার সঙ্গে চশমা কিনে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আগ্রাবাদ বাদামতলী মোড়ে রবি কাস্টমার কেয়ারের পাশের ড্রেনে হঠাৎ পড়ে যায় সে। এরপর সঙ্গে থাকা তার মামাও সাথে সাথে ড্রেনে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে অতিরিক্ত পানি ও ময়লার স্তুপ জমে থাকায় সাদিয়াকে আর খোঁজে পাওয়া যায়নি।
পরে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে আগ্রবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনাস্থলে তাকে উদ্ধারে অভিযানে নামে।
রাত ২.৫৭ মিনিটের দিকে স্হানীয় তরুণরা নালার স্ল্যাব ভেঙে উদ্বার কাজ চালালে ফায়ার সার্ভিসসহ সাদিয়ার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন বলেন, রাস্তার নিচে যে স্লাবটি রয়েছে তা দীর্ঘ ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং খুবই গভীর। ড্রেনটিতে এত পরিমাণে ময়লা জমে রয়েছে যে তা স্তূপে পরিণত হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নগরীর বহদ্দারহাট এলাকায়ও নালায় ডুবে এক পথচারীর মৃত্যু ঘটেছিল।
Developed By Muktodhara Technology Limited