চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে এলাকাবাসী বাধা দিলে সন্ত্রাসী হামলায় প্রায় ১৫জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, চরতি এলাকায় নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলছিল একটি সিন্ডিকেট। তারা নদী বাদ দিয়ে স্থানীয় এলাকাবাসীর ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকেও বালি খনন করতে গেলে স্থানীয়রা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কালো মুখোশধারী একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। সন্ত্রাসীদের হামলায় প্রায় ১৫জন এলাকাবাসী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা।
গুলিবিদ্ধরা হলেন- আব্দুল মালেক (৫০), মো. নুরুল হাসান (৫০), ফয়েজ আহমদ (৬২), আবু তাহের (৩৮), মো. কাউছার (২৬), রুহুল আমিন (৬০) ও মো. মানিক (২০)।
গুলিবিদ্ধদের মধ্যে ৭/৮জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, সাতকানিয়ার চরতি থেকে গুলিবিদ্ধ ৭ জনকে দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে দু/একজনের অবস্থা গুরুতর বলে তিনি জানিয়েছেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, সাতকানিয়ার চরতি ইউনিয়নের তুলাতলীতে মারামারির ঘটনায় কয়েকজন আহতও হয়েছে বলে খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Developed By Muktodhara Technology Limited