image

হাটহাজারীতে চাঁদার দাবিতে হামলার অভিযোগ, পুলিশের দাবি পারিবারিক ঝামেলা

image

চট্টগ্রামের হাটহাজারীতে পাকা ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয় জামাল নামের এক মুদি দোকানি।

উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কবির আহমদ তালুকদারের বাড়িতে ৩০শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাত দশটায় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

এ নিয়ে মুদি দোকানি মো. জামাল সওদাগর একই এলাকার মো. কাদের হোসেন, মো. আরফাত কে বিবাদী করে হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন।

হামলার শিকার মো. জামাল সওদাগর বলেন, আমাদের বাড়িতে একটি পাকা ভবন নির্মাণ করার সময় আমাদের প্রতিবেশী কাদের হোসেন বিভিন্নভাবে চাঁদা চেয়ে আসছিল। তাকে চাঁদা না দেওয়ায় সে সন্ত্রাসী বাহিনী এনে বৃহস্পতিবার রাতে আমাদের বসতঘরে লুটপাট চালায়। এসময় বাঁধা দিলে তারা আমার ওপর হামলা চালিয়ে আমাকে গুরুতর আহত করে। হাতের কব্জি ও মাথা ফাটিয়ে দিয়েছে। আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করেছিল। আমাদের চেঁচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার সময় আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

ওই এলাকার ওয়ার্ড মেম্বার মো. সোলাইমান বলেন, কবির আহমদের বাড়িতে হামলার ঘটনার বিষয়টি আমি শুনেছি। এক পক্ষ থানায় মামলা করেছে। আইনের মাধ্যমে থানা যেটা ব্যবস্থা নেই সেটাই হবে।

এদিকে থানায় অভিযোগের বিষয়ে অবগত হওয়ায় বিবাদীরা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ অভিযোগের তদন্ত কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কবির বলেন, আমরা সরেজমিনে পরিদর্শনে গিয়েছি। বিবাদীদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। এটা সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয় ছিল। এখানে চাঁদাবাজির ঐরকম কোন ঘটনার তথ্য পাওয়া যায়নি। আসল ঘটনা কি? ওই এলাকার মেম্বার, মোয়াজ্জেনও জানে। তাদের সাথে কথা বলে দেখতে পারেন।