image

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

image

চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরস্থ কাচারী সড়কে যানজট নিরসনে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকান ও মূল সড়কের উপর গাড়ি পার্কিংসহ অবৈধ ভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ শাহিদুল আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলা অভিযানে ফুটপাতে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়। এছাড়া ফুটপাত দখল করে বার বার অবৈধ দোকানপাট গড়ে তুলার কারণে ১৬ জন দোকানদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে সিএনজি পার্কিং করার দায়ে চালকদের থেকে ৯শত টাকা জরিমানা আদায় করা হয়। 

অভিযানকালে পৌর সচিব বিপ্লব চন্দ্র মুহরী, পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, পৌর লাইন সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেন সহ মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উল্লেখ্য, ইতিপূর্বে ফুটপাতের দখল ছেড়ে দেয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয় এবং বিগত ১০ দিনেও দখল না ছাড়ায় এ অভিযান শুরু করা হয়।