কক্সবাজার জেলার মহেশখালী সোনাদিয়ায় নৌ ভ্রমনে গিয়ে কাঠের বোট ডুবির ঘটনায় নিখোঁজ সাকিবের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) সকাল ৭ টার সময় সোনাদিয়াদ্বীপের পশ্চিম পাশে গভীর সমুদ্র এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন।
গত সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে কাঠের বোট ডুবির ঘটনায় সাকিব হাসান (১৮) নিখোঁজ হয়। সে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাককুমপাড়ার মোঃ জাফরের ছেলে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, সোমবার ৪ অক্টোবর সকালে চকরিয়া খুটাখালী ইউনিয়নের বাককুম পাড়ার ১৫ কিশোর- যুবক নৌ ভ্রমনের উদ্দশ্যে খুটাখালী লালগোলা থেকে ছোট কাঠের বোট নিয়ে সোনাদিয়া দ্বীপে যান।
সারাদিন আনন্দ উল্লাস করে বিকেলে ফুটবল খেলে ঘড়িভাঙ্গা হয়ে সোনাদিয়ার পশ্চিম পাশ দিয়ে ফেরার পথে রাত সাড়ে ৮ টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া ত্রিমুখী মোহনায় বোটটি প্রবল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। ডুবে যাওয়াদের মধ্যে একজন দ্রুত ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ তাৎক্ষনিক নৌবাহিনীর সহায়তা চেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠায়।
পরে রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় ১৪ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলেও সাকিব হাসান নিখোঁজ থাকে।
উদ্ধারকৃত কবির আহমদ ও তৌহিদ জানিয়েছেন, রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পানিতে সাতরিয়ে সবাই আশপাশের ফিশিং বোটগুলোর সহায়তায় চান। এসময় বোটের মাঝি মাল্লারা ১৪ জনকে জীবিত উদ্ধার করে ঘড়িভাঙ্গা নিয়ে এসে থানা পুলিশকে হস্তান্তর করেন।
বুধবার সকাল সাড়ে ১১ টায় তার সাকিবের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন গিয়ে তার লাশ উদ্ধার করেছে। বিষয়টি মহেশখালী-চকরিয়া থানা পুলিশকে জানিয়ে দাফন সম্পন্ন করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited