image

বাঁশখালীতে ১০মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

image

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাব-৭ এর অভিযানে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং নারী ও শিশু নির্যাতন আইনের ১০টি মামলার আসামী নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যা (৩৮) কে ২টি এসবিবিএল, ২টি ওয়ানশুটার গান এবং ১টি কাটা রাইফেল উদ্ধারসহ আটক করেছেন।

গত বুধবার (৬ অক্টোবর) বিকেল ২টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে ২টি এসবিবিএল, ২টি ওয়ানশুটার গান এবং ১টি কাটা রাইফেল উদ্ধারসহ অস্ত্রধারী নূর মোহাম্মদ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামী নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যা বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরল হাজিরখিল এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে বলে স্বীকার করেন।

উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঁশখালী ও নড়াইল এর লোহাগড়া থানায় চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণাসহ ১০ টি মামলা রয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) সফীউল কবির বলেন, 'আজ বৃহস্পতিবার সকালে আসামী নূর মোহাম্মদকে র‌্যাব-৭ বাঁশখালী থানায় হস্তান্তর করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।'