image

বোয়ালখালীতে ফের গৃহবধূর লাশ উদ্ধার

image

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফের মেহেরুন্নেছা (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে  লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

নিহত মেহেরুন্নেছা বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী আপেল আহমদ টেক এলাকার জাফর আহমদের মেয়ে।প্রায় দেড় বছর পূর্বে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খেজুর পাড়া এলাকার সুযত আলী মুন্সির বাড়ির তোফায়েল আহমেদের ছেলে ফখরুল  ইসলাম বাবু (২৬) এর সাথে মেহেরুন্নেছার বিয়ে হয়। নিহত মেহেরুন্নেছার স্বামী একজন প্রবাসী।

নিহত মেহেরুন্নেছার পিতা আবু জাফর বলেন, আমার মেয়েকে পরিকল্পিত ভাবে  হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় দিকে আমার মেয়ের শশুর বাড়ি থেকে মেয়ের খালা শাশুড়ী ফোন দিয়ে আমাকে বলে মেয়ে অসুস্থ। আমাকে বলে মেয়ের শশুর বাড়িতে যেতে। পরে আমি মেয়ের শশুর বাড়িতে যাওয়ার পথে আমি খবর পাই আমার মেয়েকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।  তারপর আমি বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আমার মেয়ের  লাশ দেখতে পাই।

এ ব্যাপারে মেহেরুন্নেসার শশুর তোফায়েল আহমেদের সাথে কথা হলে তিনি হত্যাকান্ডের বিষয়টি অস্বীকার করেন।

বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদা আকতার বলেন,  গৃহবধূ মেহেরুন্নেসা নামের মহিলাকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়। নিহতের শ্বশুর তোফায়েল আহমদ বলেছেন  গৃহবধূ স্ট্রোক করেছেন। পরে আমি মহিলার দেহ পরীক্ষা করে দেখি মহিলা মৃত এবং আমি মহিলার দেহে দাগ দেখতে পেয়ে বোয়ালখালী থানা পুলিশকে বিষয়টি অবগত করেছি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ গ্রহণ করা হবে ।