image

চুয়াডাঙ্গায় যুবদল কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

image

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালন (৩৪) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত লালন একই এলাকার আনার আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজ বাড়ির সীমানা স্থানে একটি নারিকেল গাছ নিয়ে বেশ কিছুদিন ধরে একই মহল্লার হাশেম আলীর ছেলে মিন্টু, পিন্টু ও টিপুদের সাথে লালনের বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে শুক্রবার রাতে দু’পক্ষের লোকজন উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে।

নিহত লালনের স্ত্রীর বেলী খাতুনের অভিযোগ, কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের মিন্টু, পিন্টু ও টিপুসহ ১০/১৫ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা লালনকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা লালনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে যুবদল কর্মী লালনকে হত্যার খবরে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা যুবদলের আহ্বায়ক এডভোটেক ওয়াহেদুজ্জামান বুলা জানান, লালন জেলা যুব দলের সক্রিয় কর্মী ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ (সদর সার্কেল) জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। একই সাথে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উৎস : পরিবর্তন