চ্যানেল ২৪ এর সৌজন্যে ডেস্ক রিপোর্ট : ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনি উত্তাপ। অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। সকালে রাজধানীতে প্রচার চালান স্বরাষ্ট্রমন্ত্রীসহ আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। বেশ কয়েকটি আসনে প্রচারে হামলার অভিযোগ ধানের শীষের প্রার্থীদের। আর সুনামগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
বড় দুই দলের প্রার্থীদের প্রচারণায় দিনভরই মুখর ছিলো রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। সকালে ঢাকা ৫ আসনের ধোলাইপাড়-শ্যামপুরে জনসংযোগ করেন বিএনপি প্রার্থী নবীউল্লাহ নবী।
সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে চিকিৎসকদের র্যালিতে যোগ দেন ঢাকা ১২ আসনের আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ সময় তিনি বলেন, বিজয়ের মাসে আরেকটা বিজয় হবে নৌকার।
নোয়াখালীতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ-বিএনপি। নিজ বাড়িতে বিএনপির প্রার্থী ব্যরিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, তার জীবনের কোনো নিরাপত্তা নেই। তবে স্থানীয় আওয়ামী লীগ বলছে, মিথ্যাচার করছেন ধানের শীষের প্রার্থী।
লক্ষ্মীপুরে শান্তির হাটে পূর্ব নির্ধারিত জনসংযোগে হামলার অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী শহিদ উদ্দীন এ্যানি। তার দাবি, হামলায় তিনিসহ ২০ জন আহত হয়েছেন।
শরীয়তপুর-৩, সুনামগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-১, রংপুর-৪, কিশোরগঞ্জ-৫, বাগেরহাট-২ আসনের ধানের শীষের প্রার্থীরাও হামলার অভিযোগ করেছেন।
ফরিদপুর তিন আসনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রচারণায় নামেন তার ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা খন্দকার মাশরুর হোসেনসহ পরিবারের সদস্যরা। আর সদরে প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতির দুই নাতনি।
Developed By Muktodhara Technology Limited