image

ভোট চোরদের না বলুন : আমির খসরু

image

ধানের শীষে ভোট দিয়ে সরকারের প্রতি অনাস্থা জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বন্দী গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে বেগম জিয়ার মুক্তি অনিবার্য। যা ত্বরান্বিত করতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।

সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাতের আঁধারে ভোট গ্রহণ, ভোট কেন্দ্রে মানুষের অনুপস্থিতি, জালভোট, কেন্দ্র দখল, সন্ত্রাস করেই তারা ক্ষান্ত হয়নি, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার মিশন বাস্তবায়নে চলছে নানা কুটচাল। এসবের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।

এ সময় বিএনপি প্রার্থী আবু সুফিয়ান, মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাসদ নেতা বাদলের মৃত্যুতে খালি হওয়া এ আসনে আগামী ১৩ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নগরীর চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক ও বোয়ালখালী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন এবং মোট কেন্দ্র সংখ্যা ১৮৯টি।

ভোটের লড়াই থেকে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু সরে যাওয়ায় বর্তমানে বৈধ প্রার্থী ৬ জন।