image

চট্টগ্রামে রেল যোগাযোগ ও সিটি স্পেশাল সার্ভিস বন্ধ ঘোষণা

image

করোনা ভাইরাস সংক্রমণ রোধে চট্টগ্রাম থেকে সকল ধরণের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপরদিকে চট্টগ্রাম শহরে চলমান সিটি স্পেশাল সার্ভিসের কার্যক্রমও বন্ধ ঘোষণা করেছে মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। সেই হিসেবে মঙ্গলবার দুপুর ৩ টায় মহানগর গোধূলী এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া শেষ ট্রেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে রেলপথ মন্ত্রণালয় ২৬ মার্চ থেকে আন্তনগর ট্রেন চলাচল এবং সব ধরনের ট্রেনের টিকিট বিক্রি বন্ধের কথা জানিয়েছিল। তবে এর পরপরই সব ধরনের ট্রেন বন্ধের এই ঘোষণা এলো।

পূর্বাঞ্চল রেলের বিভাগীয় ব্যাবস্থাপক সাদেকুর রহমান বলেন, আজকে (মঙ্গলবার) রেল মমন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে সন্ধ্যা থেকে কোন ট্রেন চলবে না। অগ্রিম বিক্রিত টিকেটের টাকা ফেরত দেয়া হবে বলেও তিনি জানান।

অপরদিকে চট্টগ্রাম শহরে মঙ্গলবার সন্ধ্যা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে সিটি স্পেশাল সার্ভিস। এ স্পেশাল গণপরিবহন সার্ভিস ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে এর পরিচালক সংগঠনটি।

এ ব্যাপারে জানতে চাইলে মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. বেলায়ত হোসেন বলেন, করোন সতর্কতায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাছাড়া নগরীতে এখন যাত্রীও নেই। তাই এ সার্ভিস চালানো আপাতত প্রায় অসম্ভব।