image

ব্রিফিং নিয়েও জগাখিচুড়িতে আইইডিসিআর

image

করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য বা খবর জানাতে নিয়মিত গণমাধ্যমে ব্রিফিং করেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আগে সরাসরি এ ব্রিফিং করলেও গত কয়েকদিন ধরে তা অনলাইনেই করে যাচ্ছে সংস্থাটি। এ ব্রিফিং নিয়ে জগাখিচুড়ি সৃষ্টি হয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ।

স্বাধীনতা দিবসের দিন (২৬ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করবে না জানানোর এক ঘণ্টা না যেতেই সিদ্ধান্ত পাল্টেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার পর আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছিলেন, সংস্থাটি আজ নিয়মিত ব্রিফিং করবে না। তবে বেলা সাড়ে ১১টার দিকেই তিনি আবার জানান, আজ ব্রিফিং হচ্ছে এবং তা হবে বিকেল সাড়ে ৩টায়।

এর আগে গেল রোববারও (২২ মার্চ) সংস্থাটি জানায়, তারা ওইদিন ব্রিফিং করবে না। তবে ওইদিনও কিছুক্ষণ পরই সিদ্ধান্ত পাল্টায় তারা। পরবর্তীতে ব্রিফিংও করে।

বুধবার সর্বশেষ ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন পাঁচজন, সুস্থ হয়েছেন ৭ জন এবং চিকিৎসাধীন ২৭ জন।