image

ক্রীড়া সংগঠক মঞ্জু বাফুফের কাউন্সিলর মনোনীত

image

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন স্থগিত হয়ে গেছে আগেই। করোনার কারণে অনুষ্ঠিত হতে পারেনি এই সংস্থার নির্বাচন। তবে বাফুফের নির্বাচনী প্রক্রিয়া থেমে নেই। এরই মধ্যে নির্বাচনের জন্য কাউন্সিলর প্রেরণ শুরু হয়েছে। আর সে কাউন্সিলর তালিকায় যুক্ত হয়েছেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠক মনজুর আলম। তিনি প্রতিনিধি হয়ে গেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব ঢাকা মোহামেডানের।

চট্টগ্রাম মোহামেডানের সহসভাপতি মনজুর আলম। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। বলতে গেলে ঢাকা মোহামেডানের ফুটবলকে তিনিই টেনে নিয়ে যাচ্ছেন। তারই পুরষ্কার দিল তাকে ঢাকা মোহামেডান। ঐতিহ্যবাহী এই ক্লাবটি মনজুর আলমকে প্রতিনিধি করে প্রেরণ করল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে।

গত ৬ জুন ক্লাবের সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মনজুর আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও কাউন্সিলর। ঢাকা মোহামেডানের মত একটি ঐতিহ্যবাহী ক্লাবের প্রতিনিধি হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাওয়া চট্টগ্রামের কোনো ক্রীড়া সংগঠকের জন্য প্রথম ঘটনা।

সূত্র : দৈনিক আজাদী,১১জুন,২০২০