image

আনোয়ারায় সামান্য বৃষ্টিতে সড়ক পানি জমে দূর্ভোগ !

image

আনোয়ারার বিভিন্ন সড়কের দুই পাশে অল্প বৃষ্টিতেই পানি জমছে। দোকানপাট ও ঘরবাড়ি গড়ে তোলার সময় মালিকরা সড়কের দুই পাশ মাটি দিয়ে ভরাট করার কারণে পানি নিষ্কাশনের পথ না থাকায় বৃষ্টির পানি জমে যায়। ফলে সড়কে প্রতিনিয়ত দূর্ভোগে পড়তে হচ্ছে জণগনকে।

সরেজমিনে শনিবার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, শুক্রবার রাতে ঘণ্টাখানেক বৃষ্টি হওয়ায় উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশে পানি জমে আছে। বন্দর সেন্টার-মোহছেন আউলিয়া সড়ক, আনোয়ারা-বরকল সড়ক, শোলকাটা-বটতলী রুস্তম হাট সড়ক ও বন্দর সেন্টার-রায়পুর বকতেয়ার সড়কের কোথাও দুই পাশে, আবার কোথাও এক পাশে পানি জমে আছে। কোথাও পানি ও কাদা দুটোই আছে। আর পথচারীদের ওই কাদাপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, সড়ক নির্মানের সময় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা রাখা হয়নি। সড়কের দুই পাশে ঘরবাড়ি ও দোকানপাট করলে সড়কগুলো নিচু হয়ে যায় এবং পানি বের হওয়ার পথ না থাকায় সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে থাকে। 

সিএনজি চালক নবী হোসেন (৫৫) বলেন, সামান্য বৃষ্টি হলেই তিন থেকে চার দিন রাস্তার ওপর পানি জমে থাকে। এতে রাস্তায় গর্তের সৃষ্টি হয়ে দূর্ঘটনায় পড়ছে গাড়ী। এসব রাস্তায় কাদা পানিতে পথচারি ও যাত্রীদের ভোগান্তির শেষ নেই।

সড়ক ও জনপথ বিভাগ(সওজ) আনোয়ারা উপ-সহকারী প্রকৌশলী বলরাম চাকমা বলেন, সড়কের পাশে বাড়ি ঘর ও দোকান নির্মাণের সময় লোকজন কোন জায়গা রাখেনা, আর এসব সড়কের পাশের জায়গা ব্যক্তি মালিকানাধীন হওয়ায় পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেয়া সম্বভ হচ্ছেনা।

পানি জমে থাকা সড়কগুলোর মধ্যে ইট-কংক্রিট ও বালি দিয়ে শীঘ্রী জনদূর্ভোগ লাগবের চেষ্টা করা হবে বলে তিনি জানান।