image

গ্রেপ্তার হয়ে পুলিশী রিমান্ডে বায়েজিদের গিট্টু জাহাঙ্গীর

image

বায়েজিদ থানার কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ জাহাঙ্গীর ওরফে গিট্টু জাহাঙ্গীর (৩৮) থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে রিমান্ডে রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভুক্তভোগী মো. আলমগীরের দায়েরকৃত মামলায় গিট্টু জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ। পরে পুলিশ তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে ৪দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার হাটিলা টঙ্গী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফকির বাড়ীর মৃত জনাব আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে বায়েজিদ এলাকায় দখল, চাঁদাবাজীসহ নানা অপরাধ করে আসছিল বলে এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, বায়েজীদ জঙ্গল সলিমপুরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে জনৈক মহিন জানান, জালালাবাদ তালিমুল মাদ্রাসা গেটেস্থ এশিয়ান হাইওয়ে সড়কে দুইজন যুবকের নিকট হতে বিকাশে জাহাঙ্গীর ও তার সহযোগিরা চাঁদা দাবী করছেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হলে আসামীরা সকলেই পালিয়ে যায়।

মামলার এজাহার থেকে জানা যায়, এ এলাকায় এসে তারা এক আত্মীয়ের বাসার খোঁজ করছিল। এসময় জাহাঙ্গীর ও তার সহযোগীরা কৌশলে তাদেরকে বাসা চিনিয়ে দেয়ার নাম করে জাহাঙ্গীরের ঘরে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে চাঁদাদাবী করছিল। তাদেরকে মারধর করে অভিভাবকের নিকট ফোন করে বিকাশে টাক পাঠানোর জন্য চাপ প্রয়োগ করছিল। অভিযোগকারীদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে এ সময় পুলিশ জাহাঙ্গীরকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তীতে ভুক্তভোগী যুবকের পিতা আলমগীর বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা ০৩(০৪/০৯/২০) দায়ের করেন।

এ ব্যাপারে জানতে চাইলে বায়েজিদ থানার ওসি তদন্ত বলেন, জাহাঙ্গীরকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। আদালত তার নামে রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অগ্রগতি পরে জানানো হবে।

উল্লেখ্য, এর আগেও গিট্টু জাহাঙ্গীর একাধিকবার গ্রেপ্তার হয়ে পুনরায় জামিনে এসে অপকমে লিপ্ত হয়।