image

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনী সাঁড়াশি অভিযান

image

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার ও ইয়াবা ব্যবসা, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন কারণে রোহিঙ্গা আল ইয়াকিনের দুই গ্রুপের মধ্যে গত সপ্তাহব্যাপী গোলাগুলি- সংঘর্ষে ৮ জন নিহত হওয়ায় অস্থিরতা বিরাজ করছিল রোহিঙ্গা ক্যাম্পে।

ক্যাম্পে থমথমে অবস্থায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ৬টি ব্লক ঘেরাও করে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সেনাবাহিনী, র‍্যাব, জেলা পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করেন।

ক্যাম্প ইনচার্জ কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমানের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বৈঠক করেন। ওই বৈঠকেই রোহিঙ্গা ক্যাম্পের কয়েকটি ব্লকে যৌথবাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেল ৪টার পর থেকে অভিযান শুরু হয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদদৌজা অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি নিয়মিত অভিযানেরই অংশ, রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন রকম অবনতি না ঘটে।