image

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্বর্ণের বার নগদ টাকাসহ দম্পতি গ্রেপ্তার

image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্ত থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত এলাকার প্রধানঝিরি গ্রামের বাসিন্দা মোঃ ফারুকের বাড়ীতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

এসময় সীমান্তবর্তী বসতবাড়িটি তল্লাশি করে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যেগুলোর ওজন ১৪ ভরি ৪ আনা ৩ রত্তি। এ ঘটনায় দু’জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিরা হলেন মোঃ ফারুক এবং তার স্ত্রী মরিয়ম বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, মিয়ানমার সীমান্ত পেরিয়ে বিপুল স্বর্ণ পাচারের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে এমন খবর পেয়ে সীমান্তবর্তী একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে স্বর্ণের বার সহ ২ জনকে আটক সহ নগদ ১ লক্ষ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এদিকে স্থানীয়দের দাবি, মিয়ানমার সীমান্ত অঞ্চলে বসবাসরত একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্বর্ণ, মাদকসহ চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েছে। এই চক্রের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মীরাও জড়িত রয়েছেন।