image

চুয়েটে ইনকিউবেটরের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে আইএমইডি’র মহাপরিচালক

image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্মিতব্য শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর মহাপরিচালক মো. আব্দুল মজিদ এনডিসি।

১২ ডিসেম্বর (শনিবার) দুপুরে তিনি চুয়েট ক্যাম্পাসে অবস্থিত উক্ত সাইট পরিদর্শন করেন।

এসময় তিনি চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথেও তিনি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

পরিদর্শনকালে আইএমইডি’র মহাপরিচালক মো. আব্দুল মজিদএনডিসি সরেজমিনে চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শনের পাশাপাশি তথ্য সংগ্রহ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এসময় শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ জহুরুল ইসলাম এবং শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, দেশের তথ্যপ্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা তৈরি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনকে আরো সম্মৃদ্ধ করার পাশাপাশি আইটি শিল্পে বিশ্বব্যাপী বাংলাদেশের সুযোগ আরও অবারিত করার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের আয় প্রত্যাশিত মাত্রা অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ সর্বপ্রথম শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর প্রকল্প স্থাপন করা হচ্ছে। প্রায় ১২৫ কোটি টাকা ব্যয়ে সরকারের একটি ড্রিম প্রকল্প হিসেবে এটাকে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে এটার নির্মাণকাজ প্রায় শেষের দিকে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর ২৬তম সভায় গত ০৬ জুন, ২০১৭ খ্রি. একনেক চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন প্রকল্পটির অনুমোদন দেন। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় চুয়েট ক্যাম্পাসে ১০ তলা ভবনের মূল ইনকিউবেশন ভবন তৈরি হবে। এছাড়াও একটি ৬ তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন এবং ২০০ কক্ষ বিশিষ্ট দুইটি আধুনিক ডরমিটরি নির্মাণ করা হচ্ছে।