image

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ স্কেভেটর বিনষ্ট, ২টি ট্রাক জব্দ

image

চন্দনাইশ উপজেলায় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির দায়ে একটি স্কেভেটর বিনষ্ট ও দুইটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় ফসলি জমিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় একটি এস্কেভেটর বিনষ্ট ও দু'টি ট্রাক জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমতিয়াজ হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান আঁচ করতে পেরে ফসলি জমি থেকে টপ সয়েল কাটার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে না পারলেও টপ সয়েল কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটি বিনষ্ট ও দুইটি ট্রাক জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা ও স্থানীয় চেয়ারম্যান চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) ও উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে জমির উপরিভাগ থেকে (টপ সয়েল) মাটি কাটার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয় এবং দু’টি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতবেক ব্যবস্থা নেওয়া হবে।"