রাউজান আমিরহাট বাজারের ইউছুফ সওদাগরের চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ১১ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। দোকানটি টিন ও বাঁশের বেড়ার ছিল বিধায় আগুন মূহুর্তের মধ্যে পুরো দোকানে ছড়িয়ে পড়ে।
রাউজান ফায়ার ব্রিগেডের কর্মীরা আসার পূর্বেই পুড়ে ছাই হয়ে যায় দোকানটি। মূহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে চায়ের দোকানদার নিঃস্ব হয়ে পড়েন। তবে মসজিদের পানি দিয়ে আগুন প্রশমিত করে পার্শ্ববর্তী দোকানগুলোকে রক্ষা করেন স্থানীয়রা। দাউদাউ করে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পাশের একই মালিক জমির উর রহমানের পাঁচতলা আবাসিক ভবনে বসবাসরত নারী পুরুষরা উপর থেকে রাস্তায় নেমে আসে।
চায়ের দোকানের পাশে ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা, হামিদ সওদাগরের মুদির দোকানের গোডাউন, একটি মুড়ির দোকানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। আগুনের ঘটনা শুনে প্রত্যেক ব্যবসায়ী বাড়ী থেকে ছুটে আসেন দ্রুত নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে। অন্যদিকে ফায়ার ব্রিগেডকে অবহিত করেন অগ্রণী ব্যাংক আমির হাট শাখার ব্যবস্থাপক নেছার উদ্দিন। পারিবারিক অনুষ্ঠানের কারণে এদিকে গত ২ সপ্তাহ যাবৎ চায়ের দোকানটি বন্ধ ছিল বলে জানা গেছে।
আগুনের ঘটনায় কমপক্ষে ৫ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে দাবী করেন বর্তমান ব্যবসা পরিচালনাকারী মরহুম ইউছুফ সওদাগরের ছোট ভাই আকবর হোসেন। এদিকে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন সকলকে নিয়ে।
Developed By Muktodhara Technology Limited