চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ডাকবাংলো (বার্মা কলোনী) এলাকা থেকে দেশীয় তৈরী ৪০ লিটার চোলাইমদ ও মাদক বহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ মোঃ গিয়াস উদ্দিন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ৬টায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হালিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দোহজারী পৌরসভাস্থ ডাকবাংলো আহাম্মদ ছফা সওদাগরের রোড আব্দুর রহমানের ফার্নিচার দোকানের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত মোঃ গিয়াস উদ্দিন বান্দরবান পার্বত্য জেলার সদর থানার শুয়ালক লামার পাড়া ও মাঝের পাড়া এলাকার (চাঁন মিয়ার বাড়ি) মোঃ ইসলামের ছেলে।
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হালিম জানান, "দোহাজারী পৌরসভার ডাকবাংলো (বার্মা কলোনী) এলাকার বশির খাঁর ছেলে শাকিল খাঁ কে দীর্ঘদিন যাবৎ মাদক সরবরাহ করতো আটককৃত মোঃ গিয়াস উদ্দিন। প্রায় একসপ্তাহ যাবত গ্রেপ্তারের প্রচেষ্টা চালিয়ে অবশেষে সোমবার সকালে ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে ৪০লিটার চোলাই মদ ও মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ মোঃ গিয়াস উদ্দিনকে আটক করতে সক্ষম হয়েছি। বশির খাঁ ও শাকিল খাঁ পলাতক রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।" মাদকমুক্ত দোহাজারী গঠনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এই পুলিশ কর্মকর্তা।
Developed By Muktodhara Technology Limited