image

পতেঙ্গার লালদিয়ার চরে উচ্ছেদ নোটিশ : প্রতিবাদে বিক্ষোভ

image

বন্দরের নিজস্ব ভুমির ওপর বসতি গড়ে ৪০ বছরেরও বেশি সময় ধরে বসবাসকারী প্রায় দুই হাজার পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 

এদিকে, উচ্ছেদের নোটিশ পেয়েই হতবিহ্ববল পরিবারগুলো রাস্তায় নেমে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।  স্থানীয় জনপ্রতিনিধি এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্ম হয়ে পুনর্বাসন না করে অসহায় মানুষগুলোকে উচ্ছেদ না করতে অনুরোধ জানিয়েছেন। 

পতেঙ্গা বিমানবন্দর সড়কের পাশে লালদিয়ার চর এলাকায় কর্ণফুলী নদীর চর ঘেঁষে প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছে দুই থেকে আড়াই হাজার পরিবার। বন্দরের ভুমি দখল মুক্ত করতে অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ অভিযানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এসব বসতি উচ্ছেদের নোটিশ দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী ২৫ ফেব্রুয়ারি উক্ত বসতি উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে বলে বন্দর কর্তৃপক্ষের দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের নোটিশ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন বসবাসকারী পরিবারগুলো। উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। 
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিমানবন্দর সড়কে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বসবাসকারীরা তাদের দীর্ঘদিনের মাথাগোঁজার ঠাঁই থেকে বিচ্যুত না করতে বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ ছালেহ আহম্মদ চৌধুরী বলেন, ৪০ বছর আগে সরকারকে নিজেদের ভিটেমাটি ছেড়ে দিয়ে নিঃস্ব পরিবারগুলো লালদিয়ার চর এলাকায় বসবাস করে আসছে। এই বসতি ছাড়া তাদের থাকার জায়গা নেই। এই অসহায় পরিবারগুলোকে বিকল্পপন্থায় থাকার ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করা মানবাধিকার লঙ্ঘন। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ভবন নির্মাণ করে দিয়ে যেখানে প্রধানমন্ত্রী মানবিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, সেখানে এই চরবাসীর জন্য সামান্য থাকার জায়গা ব্যবস্থা করে দেওয়া সরকারের পক্ষে কোনো বিষয় না।
৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন বলেন, এই চর এলাকার লোকজন খুবই গরিব। উচ্ছেদ করলে ভাড়া বাসায় যাওয়ার মতো সামর্থ্য তাদের নেই। ২৫ ফেব্রুয়ারি পরিবারগুলোকে উচ্ছেদ না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান কাউন্সিলর।

মানববন্ধনে একাত্ম জানিয়ে ৪১ নং আওয়ামী লীগ নেতা আলমগির মহানগর আওয়ামী লীগের কার্যনীর্বাহী সদস্য রোটারিয়ান ইলিয়াছ
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগির, সাবেক সাধারন সম্পাদক নুরুল আজিম রনি সহ হালিশহর-পতেঙ্গা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে লালদিয়ার চর এলাকায় বসবাস করে আসছে প্রায় ২৫০০ পরিবার।  ২০০৫ সালের ১২ জুলাই এই চরের বি ব্লকে থাকা প্রায় ৫০০ পরিবারকে উচ্ছেদ করা হয়। ২০১৯ সালেও এক দফা উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন্দর কর্তপক্ষ। এবার নতুন করে আগামী ২৫ ফেব্রুয়ারি চরের এ ব্লকে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য নোটিশ দেওয়া হয়েছে।