image

বোয়ালখালীতে চাচাতো ভাইয়ের রডের আঘাতে কিশোর বেলাল নিহত

image

চট্টগ্রামের বোয়ালখালীতে চাচাতো ভাইয়ের রডের আঘাতে আহত হয়ে মো. বেলাল হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলাল মারা যায়।

নিহত বেলাল বোয়ালখালী উপজেলার মধ্যম চরণদ্বীপ শরীফ পাড়ার এলাকার মুন্সি মিয়া সারেং বাড়ীর প্রবাসী বজল আহমদের ছেলে।

নিহতের মামা নুরুল আবচার জানান, ক্রিকেট খেলার জের ধরে বেলালের চাচাতো ভাই মো.ঈদু আলম (২৬ ফেব্রুয়ারী ) শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি মেজবান খেয়ে আসার পথে বেলালের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এঘটনায় বেলালের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় (২৭ ফেব্রুয়ারি) শনিবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। ভর্তির এক ঘণ্টার মধ্যে বেলাল মারা যায়।

খবর পেয়ে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষে এখনো  মামলা দায়ের করা হয়নি।