image

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ সহোদর নিহত

image

চট্টগ্রামের সাতকানিয়ার ঠাকুরদিঘী এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

নিহত দুজন হলেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে ওবায়দুল্লাহ (২৮) ও নোমান (২২)।  

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব এ খবর নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন ওবায়দুল্লাহ ও নোমান। তারা ঠাকুরদিঘী এলাকা পার হতেই বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে মাইক্রোবাসটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে।