image

রাউজানে ক্রিকেট বল নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর রিফাতের মৃত্যু 

image

চট্টগ্রামের রাউজানে টিনের ছালের সাথে আটকে যাওয়া ক্রিকেট বল নিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হওয়ার পাঁচদিন পর আরিফুল ইসলাম রিফাতের  (১৫) মৃত্যু হয়েছে।

পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল শুক্রবার (১৯ মার্চ) রাত ১১টায় ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। 

নিহত আরিফুল ইসলাম রিফাত রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার দিনমজুর মো. ইউনুসের ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৪ ই মার্চ রবিবার সকালে বাড়ির পাশ্বস্থ মাঠে রিফাতসহ তার বন্ধুরা ক্রিকেট খেলে। খেলার এক পর্যায়ে ক্রিকেট বল মাঠের পশ্চিমে থাকা একটি মিয়া কলোনির টিনের ছালে আটকে যায়। এসময় রিফাত টিনের ছালে আটকে যাওয়া বল নিতে গেলে টিনের ঠিক উপরে থাকা ৩ টি কারেন্ট তারের একটিতে বিদ্যুতায়িত হয়। মুহুর্তেই রিফাতের পুরো শরীর জ্বলসে যায়। অজ্ঞান হয়ে টিনের ছালে কাতরাতে থাকে রিফাত। 

এসময় তার সঙ্গীরা কোন রকমে টিনের ছাল থেকে নামিয়ে উপজেলার গহিরাস্থ জেকে হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রিফাতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। দ্রুত সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তিনদিন সেখানে ভর্তি থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। ডাক্তারের সকল চেষ্টা ব্যর্থ করে অবশেষে গতকাল রাত ১১ টায় মারা যায় রিফাত। 

স্থানীয়রা আরও জানান, নিহত রিফাতের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় সামাজিক সংগঠন নীল আকাশ যুব ক্লাব, সিকদার বাড়ি শান্তি সংঘ সহ এলাকাবাসীর সহযোগীতায় রিফাতের চিকিতসা চলে। 

নিহত রিফাত পরিবারের দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড়। পরিবারের আর্থিক অস্বচ্ছতার কারণে দ্বিতীয় শেণীতেই শেষ হয় তার পড়াশোনা। 

এদিকে যে মিয়া কলোনির টিনের ছালে রিফাত বিদ্যুতায়িত হয় সে কলোনির মালিকপক্ষের সাথে কথা হয় প্রতিবেদকের। কলোনির টিনের ছালের সাথে একেবারে লাগানো ১১ হাজার ভোল্টের কারেন্ট তার সরানোর জন্যে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ আবেদন করেছেন উল্লেখ করে মালিকপক্ষের মো. তাসিন জানান, আমরা গত ৩ মাস আগে আবেদন করেছি। কিন্তু, কারেন্ট তার এখনও সরানো হয়নি। 

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা কমিটির সভাপতি তসলিম উদ্দিন চৌধুরী বলেন, ছেলেটা মারা যাবার কথা ফেসবুকে দেখেছি। আপনি এ বিষয়ে জেনারেল ম্যানেজারের (জিএম) সাথে কথা বলুন। 

এবিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ এর জেনারেল ম্যানেজার (জিএম) আবুল কালাম আজাদ বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। তিনি আরও বলেন, রিফাত নামে যে একজন ছেলে আহত হয়ে পাঁচদিন পর মারা গেছেন সেটাও তাদের কেউ জানাননি।