image

নারীসহ অন্তরঙ্গ সময় কাটাতে গিয়ে নাজেহাল মামুনুল হক : রয়েল রিসোর্টে হেফাজতের হামলা

image

এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে অন্তরঙ্গ সময় কাটাতে গিয়ে স্থানীয়দের হাতে নাজেহাল ও অবরুদ্ধ হয়েছে  হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অপ্রীতিকর ঘটনা থেকে বিরত রেখেছেন।

শনিবার (০৩ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার রয়্যাল রিসোর্টের পাঁচতলার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করা হয়।

মামুনুল হক দাবি করেছেন, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি সেখানে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু তাকে নাজেহালের চেষ্টা করা হয় । কিছু লোক তাদের কয়েকটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

ভিডিওতে দেখা যায় কিছু লোক ওই রিসোর্টের কক্ষে গিয়ে মামুনুল হককে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছেন। মামুনুল হককে তার সঙ্গে থাকা স্ত্রীর বিষয়ে বিভিন্ন প্রশ্ন করছেন।

মামুনুল হক দাবি করছেন, সঙ্গে থাকা নারীকে তিনি দুই বছর আগে বিয়ে করেছেন। অবসর সময় কাটাতে তিনি সেখানে যান।

এদিকে মামুনুল হককে অবরুদ্ধ ও নাজেহালের ঘটনায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রয়্যাল রিসোর্টে হামলা চালিয়েছেন হেফাজতের নেতাকর্মীরা। এ সময় রিসোর্টের জিনিসপত্র ভাঙচুর করেন হেফাজতের কর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, মামুনুল হককে রিসোর্ট থেকে থানায় নিয়ে যাওয়ার পথে হেফাজতের কর্মীরা হামলা চালান। এতে বাধা দেয় পুলিশ। এ সময় হেফাজতের কর্মীরা রিসোর্টের জিনিসপত্র ভাঙচুর করে মামুনুল হককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। মামুনুল হক পুলিশি হেফাজতে রয়েছেন। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশাররফ হোসেন ঘটনাস্থলে রয়েছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে মামুনুল হককে থানায় নেওয়ার পথে রিসোর্টে হামলা চালান হেফাজতের কর্মীরা। পরে মামুনুল হককে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি আমাদের হেফাজতে রয়েছেন।