চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে এক যু্বক গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরহাট সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহত যুবককে পথচারীরা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করেন।
আহত বাবুল (৩৬) হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের বালুখালী এলাকার জনৈক ইলিয়াসের পুত্র। সে দীর্ঘদিন ধরে নাজিরহাটের গুল মোহাম্মদ তালুকদার বাড়িস্থ শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন বলে জানা গেছে। অভিযুক্ত যুবকের নাম সাকিব (১৮)।
সে নাজিরহাট বাজার সংলগ্ন চুন্নার বাপের বাড়ির জনৈক আবু তৈয়ব ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে নাজিরহাট বাজার সিটি সেন্টারের সামনে বাবুলের সাথে সাকিব নামে স্থানীয় এক যুবকের কথা কাটাকাটির একপর্যায়ে বাবুলকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাকিব।
এদিকে, ঘটনার এক ঘন্টার মাথায় ছুরিকাঘাতকারী যুবক সাকিবকে (১৮) নাজিরহাট ঝংকার এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
এ ব্যাপার ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে ছুরিকাঘাতকারী সাকিবকে স্থানীয়দের সহায়তায় আটক করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে
তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানা যাবে।
Developed By Muktodhara Technology Limited