image

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫হাজার ২শ টাকা জরিমানা

image

করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১এপ্রিল মধ্যরাত পর্যন্ত সারা দেশে সাত দিনের 'কঠোর লকডাউন' ঘোষণা করেছে সরকার। সারা দেশের ন্যায় চন্দনাইশে 
লকডাউনের শর্তাবলি প্রতিপালনে কঠোর নজরদারি করছে উপজেলা প্রশাসন।

'কঠোর লকডাউন'র চতুর্থ দিন শনিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভায় চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনের নেতৃত্বে অভিযান চালিয়ে সরকারি আদেশ অমান্য করা ও লকডাউনের শর্ত ভঙ্গের দায়ে সোহেলকে ১শ টাকা, নাসিরকে ৫০ টাকা, মাকিনকে ৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ওষুধের মূল্য বেশি নেয়ায় ভোক্তা অধিকার আইনে হ্যাপি ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

চন্দনাইশ থানার এসআই উপন বড়ুয়া, এএসআই বেলালসহ একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।

অভিযান সম্পর্কে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন বলেন, ''সরকার করোনার সংক্রমণ কমানোর জন্যই লকডাউন দিয়েছে। সঠিকভাবে লকডাউন পালন করলে করোনা সংক্রমণ কমে যাবে। লকডাউনের শর্তাবলি না মেনে বিনা প্রয়োজনে যারা ঘুরছে এবং যারা মাস্কবিহীন চলাফেরা করছে তাদেরকে জরিমানা করার পাশাপাশি প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। এবং মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া একজন ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে ওষুধের মূল্য বেশি নেয়ায় একটি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।"