চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় দিনদিন বেপরোয়া হয়ে ওঠছে কিশোরগ্যাং। তুচ্ছ ঘটনায়ও লিপ্ত হচ্ছে হামলা মারামারির ঘটনায়। কখনো কখনো ঘটছে হত্যাকান্ডের মতো ঘটনাও। তারই ধারাবাহিকতায় এক কিশোরীকে নিয়ে ফেসবুকে ম্যাসেঞ্জারে আলাপচারিতায় সৃষ্ট বিরোধে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ গ্রুপ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত সোহান চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের মো. ইউসুফ আলী সওদাগরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ঘটনা সূত্রে জানা যায়, চরপাথরঘাটা ৩নং ওয়ার্ডের এক বাসিন্দার কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে ফেসবুকে ম্যাসেঞ্জারে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে চরপাথরঘাটা এলাকার কিশোর গ্যাং লিডার মহিউদ্দীন আর সুজনের নেতৃত্বে আসিফ, জিসান, আরমান, বাপ্পি, পারভেজ, ইমরান, সাকিব ও মিরাজ ফারুকীসহ আরো ১০/১৫ জনের একটি কিশোর গ্যাং এশার নামাজের পর রাস্তায় বোরহান উদ্দিন সোহান (১৬) কে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন মিয়া বলেন, রাত সাড়ে ১০ টাকার দিকে কর্ণফুলী থেকে সোহান নামক এক কিশোরকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যালে আনা হয়েছে। বর্তমানে মেডিক্যালের ৫ম তলায় ২৭ নং ওয়ার্ডের সার্জারী বিভাগে তার চিকিৎসা চলছে।
কর্ণফুলীর থানার ওসি মো. দুলাল মাহমুদ জানান, এ ঘটনায় কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Developed By Muktodhara Technology Limited