মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫৬ হাজার ৭০০ টাকার জালনোট এবং জালনোট তৈরির উপকরণ উদ্ধারসহ ১ জন জালনোট প্রস্তুতকারীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের পায় জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় বেদেপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি জাল টাকা তৈরীর মেশিন এবং জালনোট প্রস্তুত করে আসল টাকা বলে চালানোর চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে ২৩ জুন র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের আলমগীর হোসেনের পুত্র মীর হোসেন (২৫) কে আটক করে। এসময় ১ টি জাল টাকার নোট তৈরির প্রিন্টার মেশিন, ১ টি ল্যাপটপ, ৩৯ টি জাল টাকা তৈরির কাগজ এবং জাল ১ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করে।
আটককৃত মীর হোসেন জানায়, সে দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে বাংলাদেশী জালনোট তৈরি করছে এবং ওই জাল টাকা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে।
আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় সোপর্দ করেছে র্যাব।
Developed By Muktodhara Technology Limited