চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কালর্ভাট বন্ধ করে দোকান নির্মাণ করার ফলে অন্তত ৫০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আউষ চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত বছর থেকে উপজেলার রায়পুর ইউনিয়নের বখতেয়ার সড়কে ৪ নম্বর ওয়ার্ডে আহমদ কবির মাস্টারের বাড়ির সামনে রায়পুর-সরেঙ্গা গ্রামের পানি চলাচলের জন্য সরকারি নির্মানকৃত কালভাটটির মুখ স্থানীয় আবদুল আজিজ ও মো. জাহেদ নামে দুই ব্যক্তি বন্ধ করে একটি চায়ের দোকান ও একটি মুদির দোকান নির্মান করে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ পোহাচ্ছে ওই এলাকার বাসিন্দারাও।
রায়পুরের বাসিন্ধা কৃষক নুর মোহাম্মদ জানান, জলাবদ্ধতার কারণে তার ২০ শতক জমিতে আউষ চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কালভার্ট দিয়ে পানি যেতে না পারায় বিলের দুই পাশের রাস্তা ডুবে সড়কের ক্ষতিও হচ্ছে।
স্থানীয় বাসিন্ধা জাহেদুল ইসলাম জানায়, পানি নিষ্কাশনের জন্য সরকার সড়কে ব্রীজ-কালভার্ট নির্মাণ করে দিয়েছে। কিন্তু জাহেদ নামে একজন কালর্ভাট বন্ধ করে চায়ের দোকান নির্মাণ করে এবং আজিজ নামের অন্যজন পানি যাওয়ার রাস্তা বন্ধকরে মুদির দোকান নির্মান করে। ফলে বর্ষার শুরুতেই পানিতে মাঠ-ঘাট ডুবে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা এগিয়ে না আসলে চাষাবাদ বন্ধসহ পানি বন্ধি থাকবে এলাকার মানুষ।
পানিবন্দি থাকায় মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় চেয়ারম্যান জানে আলম বলেন, কালর্ভাট বন্ধ করে দোকান নির্মানের বিষয়টি আমি মাননীয় ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েমসহ প্রশাসনকে জানিয়েছি। দ্রুত এর সমাধান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার বিষয়টি আমি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করেছি। সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে আউষ চাষে দুর্ভোগ লাঘবের ব্যবস্থা করা হবে।
Developed By Muktodhara Technology Limited