image

বান্দরবানের লামায় সড়ক দূর্ঘটনায় নিহত-৩

image

বান্দরবানের লামা উপজেলায় বালু ভর্তি ট্রাক চাপায় এক পরিবারের দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শিশুসহ ৪জন।

নিহতরা হলেন আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার বাসিন্দা শুভ দাশের স্ত্রী রুপসী দাশ (২০) ও গোবিন্দ দাশের স্ত্রী চিনু দাশ (৩০)। তাৎক্ষনিকভাবে নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেলেও বাকী একজনের পরিচয় পাওয়া যায়নি।

রবিবার (১১ জুলাই) দুপুরে লামা-চকরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি মোড়ে ত্রিমুখী সংঘর্ষে দূর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলো-নিহত রুপসী মায়া দাশের মেয়ে অংকিতা দাশ (৩) ও তার ননদ রিখা দাশ (২৭), কুমিল্লা জেলা সদরের ১নং ওয়ার্ডের ফিরোজ মিয়ার ছেলে ট্রাক চালক মো. জাহাঙ্গীর (৫০) এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা শহিদুল্লার ছেলে মাহিন্দ্রা চালক মো. সাগর (২৫)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রুপসী মায়া দাশসহ এক পরিবারের ৫ জন একটি মাহিন্দ্র গাড়ি যোগে চকরিয়া উপজেলায় নিকটস্থ আত্তীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় মাহিন্দ্রা গাড়িটি সড়কের লাইনঝিরি উপরেরর মোড় এলাকায় পৌঁছলে বিপরীত  থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে উল্টে যায়। এতে মাহিন্দ্র গাড়িতে থাকা দুই নারী ও এক পথচারিসহ তিন জন মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস,  সিভিল ডিফেন্স ও লামা থানার পুলিশ সদস্যরা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ট্রাক চাপার ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লে­ক্সে ভর্তি করা হয়েছে।