image

টানা বর্ষণে সড়ক ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন বাইশারী

image

টানা তিনদিনের বর্ষণে সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন। ফুলেশরী ও ফারিখালের পাহাড়ী ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে তলিয়ে যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের গ্রামের পর গ্রাম এবং রাস্তাঘাট।

সোমবার থেকে টানা বর্ষণের ফলে বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কের পানেরছরা নামক জায়গায় পুরো রাস্তা ধ্বসে পড়ে এবং নাইক্ষ্যংছড়ি-গর্জনীয়া-বাইশারী সড়কের বড়বিল, থোয়াঙ্গাকাটা, থিমছড়ি, জুমছড়ি সহ বিভিন্ন এলাকায় প্রবল স্রোতে সড়ক ভেঙ্গে যাওয়ায় উপজেলা সদরের সাথে পুরোপুরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গাড়ী যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন নিত্যপন্য দ্রব্য সংকটে পড়বে বাইশারী ও ঈদগড় এলাকার ৫০ হাজার মানুষ।

বাইশারী সিএনজি সমিতির সাধারন সম্পাদক হামিদুল হক জানান, লাগাতার বর্ষণের ফলে বাইশারী-গর্জনীয়া-নাইক্ষ্যংছড়ি সড়কের কয়েকটি জায়গায় ভেঙ্গে গেছে এবং বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কের পানেরছরা নামক জায়গায় সড়ক ধ্বসে পড়ায় কার্যত গাড়ী যোগাযোগ বন্ধ রয়েছে।

বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী বলেন- টানা বৃষ্টিতে পাহাড়ী ঢলে বাইশারী-ঈদগড়-ঈদগাঁও এবং বাইশারী-গর্জনীয়া-নাইক্ষ্যংছড়ি সড়ক ভেঙ্গে যাওয়ায় বাইশারী ইউনিয়ন কার্যত পুরো দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রভাব পড়বে নিত্যপন্য জিনিসে। তিনি আরো বলেন- সড়ক ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টি ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।