image

অভাব স্বাস্থ্যবিধি চিনেনা, প্রয়োজন আইন মানেনা

image

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্পটে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস এর বিশেষ কার্যক্রমের চাল ,আটা বিতরণে বালাই নেই স্বাস্থ্যবিধির।

শনিবার( ৩১জুলাই) সকালে বোয়ালখালী উপজেলার অলিবেকারীতে ওএমএস এর চাল ও আটা পণ্য নিতে দেখা গেছে মানুষের ভিড়।প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ১৮ টাকায় বিক্রি করা হচ্ছে। মাথা পিছু সর্বোচ্চ চাল ৫ কেজি এবং আটা ৫ কেজি ক্রয় করতে পারবে।শত শত নারী,পুরুষ ও শিশুরা চাল,আটা ২৪০ টাকার পণ্য কিনতে যেন হুমড়ি খেয়ে পড়েন।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে চলমান কঠোর লকডাউনে নানা বিধিনিষেধ জারি করেছে সরকার। বাইরে বের হওয়ায় কড়াকড়িসহ স্বাস্থ্যবিধি মানাতে জরিমানার পাশাপাশি মামলা দেয়া হচ্ছে।

এমন পরিস্থিতিতে বোয়ালখালী বিভিন্ন স্পটে ওএমএস এর পণ্য কেনার সময় কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। নারী, পুরুষের  দীর্ঘ লাইনে গা ঘেঁষে দাঁড়িয়েই পণ্য কেনা-বেচা চলছে। বোয়ালখালী প্রশাসনও নিরব। স্বাস্থ্যবিধি রক্ষায় কোনো ধরনের পদক্ষেপ নিতে দেয়া যায়নি তাদের।

বোয়ালখালীতে ৩০ জুলাই পর্যন্ত করোনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৩০৩ জন। এমন পরিস্থিতিতে  পণ্য কিনতে আসা স্হানীয় কয়েক জন বলেন, এখানে কোনো সামাজিক দূরত্ব নেই। প্রশাসনের কোন প্রকার পদক্ষেপ নেই।এত লোকের জমায়েত করোনার ঝুঁকি নিয়ে আমাদের পণ্য ক্রয় করতে হচ্ছে।প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করলে ভালো করে বিতরণ করা যেত।

এ বিষয়ে বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার বলেন,আমরা যখন অভিযান পরিচালনা করি তখন আমাদের চোখে পড়লে আমরা ব্যবস্হা গ্রহণ করি।যখন চলে আসি তখন তারা আবার স্বাস্থ্যবিধি মানছেন না।তার পরেও আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণ করব।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাজমুন নাহার বলেন,বিষয়টা নিয়ে আমি বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) অসিল্যান্ড কে নির্দেশ দিয়েছি যথাযথ ব্যবস্হা গ্রহণ করার জন্য।