image

ডবলমুরিং পুলিশের উদ্যোগ : গাছ অক্সিজেনের মতো মাস্কও দিবে!

image

করোনা সংক্রমণরোধে মাস্ক ব্যবহারের বিকল্প নেই সেটি সর্বমহলে স্বীকৃত। দেশের নাগরিকদের মধ্যে মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ “মাস্ক গাছ“ তাই নজর কেড়েছে নগরবাসীর।

শনিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় বন্দর নগরী চট্টগ্রামের আগ্রাবাদে ডবলমুরিং থানার উদ্যোগে আয়োজিত “মাস্ক গাছ“ কর্মসূচীর উদ্বোধন করেন নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ।

এ কর্মসূচীর আওতায় ডবলমুরিং থানার ছয়টি বিটের ১০টি স্পটে এমন ১০টি 'মাস্ক গাছ' বসানো হয়েছে। লোহার কাঠামোতে গাছের ডালপালা দিয়েই 'মাস্ক গাছ' তৈরি করা হয়েছে। এসব গাছে পর্যায়ক্রমে ১ লাখ মাস্ক থাকবে। সেখান থেকে যে কেউ বিনামূল্যে নিতে পারবে মাস্ক। বিট পুলিশিং ডে উপলক্ষে মাস্ক পরা নিয়ে সচেতনতা বাড়াতেই ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন এই উদ্যোগের পরিকল্পনা ও বাস্তবায়ন করছেন।

কর্মসূচীর উদ্বোধনকালে নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ বলেন, মাস্ক ব্যবহারে সচেতন করতে এ উদ্যোগ অনেক কার্যকর হবে বলে আমাদের বিশ্বাস। অনেকে মাস্ক পরতে চান না, আবার অনেকে ভুলে মাস্কবিহীন বের হন। মাস্ক গাছ তাদেরকে মাস্ক পরিধানে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

এ চিন্তার উদ্ভাবক ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মাস্ক পরতে অনীহা দূর করার পাশাপাশি হঠাৎ প্রয়োজনে হাতের নাগালে খুব সহজেই মাস্ক পেয়ে যাবেন। তাছাড়া নিজের ডালপালায় মাস্ক নিয়ে দাড়িয়ে থাকা গাছ মানুষকে মাস্কের কথা স্মরণ করিয়ে দিবে। মাস্কবিহীন চলাচল নিজের ও পরিবেশে জন্য বিরূপ প্রতিক্রিয়া তৈরী করবে এমনটাই ম্যাসেজ দিবে এ প্রতীকি মাস্ক গাছ। তাছাড়া আমরা বুঝাতে চাচ্ছি জীবনের জন্য অক্সিজেনের মতো মাস্কও জরুরী, যা প্রতীকী গাছ আমাদেরকে সরবরাহ করবে।

পরে উপস্থিত জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।