চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় করোনার গণটিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।বোয়ালখালীতে উদ্বোধনের পর থেকে ৭টি ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে টিকা নিতে দেখা গেছে ।
শনিবার (৭ আগস্ট) সকালে বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের হল রুমে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম -৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ করোনার টিকা কর্মসূচি বাস্তবায়ন করছে। এটি একমাত্র প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে। এটি আমাদের গৌরবের বিষয়। আমি নিজে করোনা রোগী ছিলাম। আল্লাহর রহমতে ভালো হয়েছি। তিনি সাধারণ মানুষের টিকা নেওয়ার উৎসাহ দেখে স্বস্তি প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, বোয়ালখালী পৌরসভার মেয়র হাজি আবুল কালাম আবু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ জিল্লুর রহমান, থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাহাদাত হোসেন, সহসভাপতি মোঃ সফিকুল আলম, দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ তারেকুল ইসলাম।
কেন্দ্রে টিকা নিতে আসা সাধারণ নারী-পুরুষ বলেন, টিকা নেওয়ার আগে একটি ভীতি কাজ করেছিল। কিন্তু টিকা নেওয়ার সময় তা একেবারেই টের পাইনি। আজকে প্রথম টিকা নিয়েছি। সবাইকে বলবো অনলাইনে রেজিস্ট্রেশন করে দ্রুত টিকার আওতায় আসার জন্য। এতে করে নিজেকে সুরক্ষিত রাখা যাবে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়নে ৬০০টি করে ২১ বুথে ৪২০০টি টিকা প্রদান করা হয়েছে। প্রতি ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের জনসাধারণ এ টিকা পেয়েছেন। অন্য ওয়ার্ডের জনসাধারণকে পরবর্তী সময়ে টিকা দেওয়া হবে।প্রতিদিন হাসপাতালের ঠিকানায় যারা নিবন্ধন করেছেন তাদের মোবাইলে মেসেজ দেখে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ জিল্লুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনও প্রকার সমস্যা ছাড়াই আমরা টিকা দিয়ে যাচ্ছি। মানুষ আসছে টিকা নেওয়ার জন্যে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মানুষ টিকা নিচ্ছে। আমাদের টিকাদান কার্যক্রম চলমান আছে। যতক্ষণ লোকজন আসবে আমরা ততক্ষণ টিকাদান করবো। অনেক মানুষ নিজ থেকে আগ্রহী হয়ে টিকা নিতে আসছেন। আশাকরি আরও মানুষ আসবেন। আমরা তাদেরকে নিয়ম অনুযায়ী সেবা প্রদান করবো। টিকা নেওয়ার ব্যাপারে মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা বেড়েছে। পর্যায়ক্রমে সকল নাগরিককে টিকার আওতায় আসবে।
Developed By Muktodhara Technology Limited