image

রাউজানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

image

চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি অস্ত্রসহ মো. তারেক (১৬) নামে এক কিশোর গ্যাংয়ের লিডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এর আগে গত বুধবার রাত সাড়ে ১১টায় রাউজান পৌরসভার আদালত ভবনের সামনে থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।

ধৃত মো. তারেক রাউজান উপজেলা চিকদাইর ইউনয়নের ৯নম্বর ওয়ার্ডের পাঠান পাড়া গ্রামের মো. বারেকের ছেলে। রংমিস্ত্রির হেলপারি করলেও সে কিশোর গ্যাংয়ের লিডার ও অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানিয়েছে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।

তিনি আরও বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে কোর্টে সোপর্দ করা হয়।