শিরোনাম
কর্ণফুলী সংবাদদাতা | ১৮:০৬, আগস্ট ২০, ২০১৯
চট্টগ্রামের শিল্পজাত উপজেলা কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরে হাজী আরবান সড়কের বেহাল দশা। প্রিমিয়ার সিমেন্ট ও মিল কারখানার গলিত পঁচা পানিতে সড়কটি ডুবে গিয়ে পুকুরে পরিণত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে।
বৃৃষ্টি নেই তারপরেও সড়কে জমে রয়েছে কয়েক ফুট পানি। সড়ক যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার লোকজন। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অনেকদিন যাবত যেতে পারছেনা তাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে। নিচু জায়গায় অনেকের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে।
এছাড়াও খবর পাওয়া গেছে, আজ সকালে জনভোগান্তি লাঘবে স্থানীয় চেয়ারম্যান এলাকা পরিদর্শন করেছেন।
এদিকে স্থানীয়দের দাবি, পাশ্বর্বতী প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির বর্জ্য ও পঁচা পানিতে সড়কটি ডুবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এলাকায় মশার উপদ্রব ছড়াচ্ছে। জনস্বাস্থ্য হুমকিতে পড়ছে।
নুরুল হক নামে স্থানীয় এক লোক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, প্রিমিয়ার সিমেন্ট পানি ছেড়ে সড়ক অকার্যকর করে দিলেও তারা কিছু করছেনা। আমরা অনেকবার তাদেরকে বলার পর ও তারা বিষয়টি আমলে নিচ্ছেনা।
ইছানগর ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল হক বলেন, ‘বাড়িঘরে পানি প্রবেশ করেছে মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। মসজিদে যেতে পারছেনা ছেলেদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করায় আমি ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি।
তবে অপর প্রশ্নে এলাকার মেম্বার বলেন, সব পানি প্রিমিয়ার সিমেন্ট হতে বের হয়ে রাস্তা নষ্ট করছে পানি নিঃষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে জানতে চাইলে ইছানগরে অবস্থিত প্রিমিয়ার সিমেন্ট এর সিও গোলাম কিবরিয়া বলেন, ‘হাজী আরবান আলী সড়কটি ব্যক্তি মালিকানাধীন সড়ক এ বিষয়ে এলাকার মেম্বার চেয়ারম্যান আমাদের উপর খবরদারি করতে পারেনা। আর সিমেন্ট ফ্যাক্টরী থেকে কখনো পানি বের হয়না এসব ওদের বানানো কথা।’
এ প্রসঙ্গে চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ছাবের আহমেদ বলেন, ‘ঘটনাটি সত্য ইতোমধ্যে আমি এলাকা পরিদর্শন করেছি। এদের কারণে যাতায়াতে জনগণের অনেক সমস্যা হচ্ছে। তাদের’কে নির্দেশ দিয়েছি সড়কে পানি নিঃষ্কাশনের কাজ ৭ দিনের মধ্যে সচল করে দিতে। আশা করি সমস্যা সমাধান হবে। নাহয় স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করে জরুরি সহায়তা নেবো।’
Developed By Muktodhara Technology Limited