শিরোনাম
মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ সংবাদদাতা | ২০:২২, জুলাই ১০, ২০২০
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার আভ্যন্তরীন সড়কগুলোর মধ্যে সবচেয়ে ব্যস্ততম সড়ক দোহাজারী-লালুটিয়া-চৌকিদারফাঁড়ি সড়ক। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। দোহাজারী পূর্বাংশের ৪টি ওয়ার্ডের ১০/১৫ টি গ্রামে চলাচলের একমাত্র সহজ ও প্রধান সড়ক এটি। সামান্য বৃষ্টি হলেই সড়কটি দিয়ে হাঁটু জলে চলাচল করতে হয় হাজার হাজার পথচারীকে। জনগণের দুর্ভোগ এড়াতে কোন রকম পদক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রেললাইন থেকে শুরু করে বেগম বাজার কালুর বটতল পর্যন্ত এলাকায় বেশ কিছু স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে থাকে দিনের পর দিন। ফলে সামান্য বৃষ্টি হলেই হাঁটু জলে চলাচল করতে হয় পথচারীদের। সড়কটির প্রভাতী স্পোর্টিং ক্লাবের সামনে থেকে হাজারী পুকুর পর্যন্ত রাস্তার বেশ কিছু অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত ব্যবস্থা না থাকায় পানিতে তলিয়ে যাওয়ার কারনে গর্তগুলি মানুষের নজর আন্দাজ করা সম্ভব হয়ে উঠছে না। ফলে জনসাধারণ প্রতিনিয়তই নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন।

বর্তমানে রাস্তাটি পথচারীদের জন্য খুবই অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। চলাচলের জন্য একমাত্র এই রাস্তাটি ছাড়া এলাকাবাসির বিকল্প কোন রাস্তা না থাকায় চলাচলে এ এলাকার লোকজন মারাত্বক বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন।
মোঃ শাহ্ আলম রুবেল নামে একজন পথচারী বলেন, "নিয়মিত পৌর কর পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছি আমরা। রাস্তা হবে মানুষের চলাচলের সহায়ক কিন্তু সেই রাস্তা যদি হয় একটি প্রবাহমান নদীর মত তাহলে আমরা কি তাকে সড়ক বলতে পারি? এই রাস্তাটি আমাদের চলাচলের একমাত্র সড়ক হওয়ায় বর্ষা মৌসুমে আমাদের নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। এই রাস্তাটি পুনঃ সংস্কার ও উঁচু করা অতি জরুরী হয়ে পড়েছে।"

সড়কটি সংস্কারের ব্যাপারে সাবেক ইউ.পি সদস্য এস.এম জামাল উদ্দিন বলেন, "সড়কটি সংস্কারের জন্য দোহাজারী পৌরসভার প্রকৌশল বিভাগকে বেশ কয়েকবার অবহিত করেছি। জনদুর্ভোগের বিষয়টি আমলে এনে রাস্তাটি পুনঃ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের চলাচল উপযোগী করে তোলবেন পৌর প্রশাসকের কাছে এটা আমার জোর দাবী।"

এ বিষয়ে জানতে চাইলে দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন বলেন, "এই সড়কটি সংস্কারের জন্য চলতি অর্থ বছরে কোন প্রকল্প দেয়া হয়নি। আগামী অর্থ বছরে সড়কটি সংস্কারের প্রকল্প গ্রহণ করে বরাদ্দ চাওয়া হবে।"
Developed By Muktodhara Technology Limited