শিরোনাম
এন এইচ মাসুৃম, সাতকানিয়া প্রতিনিধি | ১৪:১৪, অক্টোবর ১, ২০২০
সাতকানিয়ার বাজালিয়া থেকে ধোপাছড়ি ৭ দশমিক ১৫ কিলোমিটার সড়কটি দীর্ঘ দিন সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও যানবাহন চালকদের। সড়কের মাঝখানে বড় বড় গর্তে যানবাহন উল্টে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। কিন্তু বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছে হাজারো মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজালিয়া স্টেশন থেকে শুরু হয়ে সড়কটি ধোপাছড়ি গিয়ে শেষ হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার, স্কুল, মাদরাসা রয়েছে। এলাকার রাস্তার মোড়ে মোড়ে গড়ে উঠেছে ছোট ছোট বাজার। কিন্তু বেহাল অবস্থার কারণে এ সড়ক দিয়ে হেঁটে চলাও দায়। খানাখন্দে ভরা সড়কে একটু বৃষ্টি হলেই আটকে থাকে পানি। আর এ পথে চলতে গেলেই উল্টে যায় রিকশা, ভ্যানের মতো ছোট ছোট যানবাহন।
এলাকাটি কৃষি প্রধান হওয়ায় প্রতিনিয়ত কাঁচামালবাহী গাড়ি পণ্য নিয়ে উপজেলার বিভিন্ন হাটবাজারে যাতায়াত করে। সড়কটি খারাপ হওয়ার কারণে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে যানবাহন। বর্ষায় সড়কের অনেক স্থানে পানি জমে থাকে আবার শুষ্ক মৌসুমে ওড়ে ধুলাবালি। সড়কটির বেহাল অবস্থার কারণে ভোগান্তি যেন বাড়ছেই। এ ছাড়া একাধিক ঝুঁকিপূর্ণ মোড় থাকায় দুর্ঘটনা ঘটছে হরহামেশা। দ্রুত এ সড়ক সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা।
অটোরিকশা চালক সরোয়ার বলেন, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। রাস্তার কারণে গাড়ির পেছনে যত টাকা খরচ হয়, তাতে আমাদের পরিবার নিয়ে বাঁচাই কঠিন হয়ে পড়েছে। লোকজন ভয়ে গাড়িতে উঠতে চায় না। আমার সংসার কিভাবে চলবে তা নিয়েই চিন্তায় আছি।
এ সড়ক দিয়ে নিয়মিত চলাচল করেন ফার্মেসি ব্যবসায়ী মুরাদ। সম্প্রতি ভাঙা সড়কে রিকশা উল্টে আহত হন তিনি। তিনি বলেন, আমি অটোরিকশা করে আমার চেম্বার থেকে বাড়ীতে ফিরছিলাম। সামনের দিক থেকে আসা একটি অটোরিকশাকে জায়গা দিতে গেলে সড়কের ভাঙা অংশের চাকা ধুমড়ে মুছড়ে গিয়ে অটোরিকশা উল্টে যায়। আমিসহ অটোর পাঁচ যাত্রী আহত হই।
সব মিলে বেহাল সড়কের কারণে উপজেলার ওই এলাকার সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে।
সাতকানিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী পারভেজ মুরাদ বলেন, সড়কটি টেন্ডার হয়েছে। এলজিইডির অর্থায়নে শীঘ্রই সড়কটির কাজ শুরু হবে।
বাজালিয়া ইউনিয়েনের চেয়ারম্যান তাপস কান্তি সিটিজি সংবাদকে বলেন, সড়কটি টেন্ডার হয়েছে, দ্রুত কাজ শুরু হবে। কখন কাজ শুরু হবে! তা দেখার অধীর অপেক্ষায় এলাকাবাসী।
Developed By Muktodhara Technology Limited