শিরোনাম
শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী প্রতিনিধি | ১৩:৪৯, জুলাই ১৩, ২০২১
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের মীরপাড়া হাজী হামিদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১টি ভবন পরিত্যক্ত ও মাঠে দীর্ঘদিন ধরে জমে থাকা দূষিত পানি ও খালের জোয়ারের পানি আসা যাওয়ার কারণে বিদ্যালয়ের মাঠটি দূষিত পানি ও কাদায় বেহাল দশায় পরিণত হয়েছে।এতে করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এ ছাড়া ঠিকমতো খেলাধুলা সহ স্বাস্হ্য ঝুঁকিতে আছে শিক্ষার্থীরা। দুর্ভোগে পড়েছে ওই বিদ্যালয়ের দুই শতাধিক শিশু শিক্ষার্থীরা।
(১২ জুলাই) সোমবার দুপুরে সরেজমিন বিদ্যালয় পরিদর্শন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মীরপাড়া হাজী হামিদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে স্থাপিত হয়েছে। এ বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে।
শিক্ষক রয়েছে ৪ জন। বিদ্যালয়ে পাঠ দানের জন্য দুইটি ভবন থাকলেও পূর্ব থেকে পশ্চিম দিকে অবস্হিত ভবনটি ঝূঁকিপূর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্হায় পড়ে আছে। এখন উত্তর থেকে দক্ষিণে অবস্হিত ৬ কক্ষ বিশিষ্ট ভবনে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলে।৭ থেকে ৮ বছর ধরে বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি, আশেপাশের বাসা বাড়ির পানি ও পার্শবর্তী খালের জোয়ারের পানি এসে বিদ্যালয়ের মাঠটি দূষিত পানির পাগাড়ে পরিণত হয়েছে।
হাজী হামিদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা জারিয়া চৌধুরী বলেন, বিদ্যালয়টির ১টি ভবন পরিত্যক্ত ও মাঠে পানি জমে থাকার সমস্যাটা দীর্ঘদিন যাবৎ ।স্কুলের মাঠ নিচু থাকায় বৃষ্টি হলে আর আশপাশের বাসাবাড়িতে ব্যবহৃত দূষিত পানি এবং সব সময় খালের জোয়ারের পানি এসে বিদ্যালয়ের মাঠে জমে থাকে। এতে শিক্ষার্থীর পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। মাঠে শিক্ষার্থীরা ঠিকমতো খেলাধুলা করতে পারছে না। বিষয়টি বোয়ালখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মেয়র সাহেবকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
হাজী হামিদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শওকত আলম বলেন, বিদ্যালয়ের মাঠের অবস্হা খুব খারাপ ও ১টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্হায় আছে। আশে পাশের পানি ও খালের জোয়ারের পানিতে বিদ্যালয়ের মাঠে সব সময় পানি আসা যাওয়া করে। আমি বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালামকে বলেছি মাটি ভরাট করার জন্য। বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে মাঠের বিষয়টা নিয়ে বলেছি তিনি বলেছেন আপনি উপজেলা নির্বাহী অফিসার না হয় মেয়র সাহেবকে বলেন। ইতিমধ্যে মেয়র সাহেব একটা রিটানিং ওয়াল করে দিবে বলেছে।
বোয়ালখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,বিদ্যালয়টি মাঠ সংস্কার ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করার জন্য উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আজ পর্যন্ত কোন প্রকার লিখিত দরখাস্ত করেনি।মৌখিক ভাবে বলেছে। বিদ্যালয়ের মাঠ উন্নয়ন করার জন্য সরকারি কোন বরাদ্দ নেই।আমি বিদ্যালেয়র প্রধান শিক্ষিকা এবং সভাপতি সাহেবকে বলেছি নির্বাহী অফিসার ও মেয়র মহোদয়কে বলার জন্য।
বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু বলেন,আমাদের করণীয় কিছু নেই কারণ বরাদ্দ বন্ধ আছে।আমার চিন্তা ভাবনা ছিল রিটানিং ওয়াল করার জন্য।পৌরসভার বরাদ্দ হলে রিটানিং ওয়াল করব।মাঠ ভরাট করার জন্য পৌরসভায় কাবিকা থেকে না।সেটা থাকবে ইউনিয়ন পরিষদে।
Developed By Muktodhara Technology Limited