শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ১৭:২৬, আগস্ট ২১, ২০২১
লোহাগাড়ায় ফাতেমা বেগম (২০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সুখছড়িকুল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফাতেমা চুনতি ইউনিয়নের সাতগড় এলাকার মোঃ ইসমাঈলের কন্যা ও লোহাগাড়া সদর ইউনিয়নের সুখছড়িকুল এলাকার মোস্তাক আহম্মদের পুত্র মোঃ শরীফ হোসেনের স্ত্রী।
শনিবার (২১ আগস্ট) দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মোঃ শরিফ (৩৫) কে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, বিগত আড়াই বছর পূর্বে ফাতেমা বেগমের সাথে ওমান প্রবাসী মোঃ শরীফ হোসেনের বিয়ে হয়। লকডাউনের কারণে শরীফ ওমানে আর যেতে পারেননি। শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে শোবার ঘরে স্ত্রীর মৃতদেহ পাওয়া যায়। নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ঘটনাস্থল থেকে নিহত গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শরীফকে আটক করা হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে বলেও তিনি জানান।
Developed By Muktodhara Technology Limited