শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ১৭:৪১, আগস্ট ২৭, ২০২১
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় জামিজুরী গালিমের মসজিদ থেকে বধ্যভূমি হয়ে জাগরণ ক্লাব পর্যন্ত ৯০৫মিটার আরসিসি ঢালাই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য নির্মিত নাম ফলকটি বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতের আঁধারে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের "গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় দোহাজারী পৌরসভার তত্বাবধানে ৬ কোটি ৯০ লক্ষ ১হাজার ৫৬১ টাকা ব্যয়ে ৭টি প্যাকেজের উন্নয়ন প্রকল্প আগামী রবিবার (২৯ আগস্ট) ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।
৭টি প্যাকেজের মধ্যে ৮৮ লক্ষ ৩৭ হাজার ৬৭৭টাকা ব্যয়ে জামিজুরী গালিমের মসজিদ থেকে বধ্যভূমি হয়ে জাগরণ ক্লাব পর্যন্ত ৯০৫মিটার আরসিসি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ঠিকাদার শাহজাহান চৌধুরী বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে জামিজুরী গালিমের মসজিদ ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় শ্রমিক দিয়ে দেয়াল তৈরী করেন। শুক্রবার (২৭ আগস্ট) সকালে সেই দেয়ালে নামফলক স্থাপন করতে গিয়ে তিনি দেখেন রাস্তার পাশে স্থাপনকৃত সেই দেয়ালটি বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে কে বা কারা ভেঙে ফেলে।
এব্যাপারে ঠিকাদার শাহজাহান চৌধুরী এই প্রতিবেদককে বলেন, " কাজ শুরু করার আগে এমন পরিস্থিতি তৈরী হওয়ায় কাজটি সুষ্ঠুভাবে শেষ করতে পারবো কিনা তা নিয়ে আশঙ্কার মধ্যে আছি।"
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র। তিনি বলেন, "উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে কেউ এই কাজটি করতে পারে। যারাই করেছে এটি খুবই নিন্দনীয় কাজ। এরপরও আমাদের উন্নয়নমূলক কাজ থেমে থাকবে না।"
এব্যাপারে দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম বলেন, "বিষয়টি আমরা খতিয়ে দেখবো। এরপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।"
Developed By Muktodhara Technology Limited