শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ১৮:৪২, সেপ্টেম্বর ৩, ২০২১
লোহাগাড়ায় রাতের অন্ধকারে ৬ হাজার গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি রাতে কোনো এক সময় উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলীর গজালিয়ার ডেবা এলাকায় এসব গাছ কেটে ফেলা হয়।
ভুক্তভোগী মোঃ দেলোয়ার হোসেন ইউনিয়নের রশিদের ঘোনা আদর্শ পাড়ার মৃত গোলাম কাদেরের ছেলে। তবে অভিযুক্ত মোহাম্মদ হারুন মাঝিও নিজেকে ওই বাগানের মালিক দাবী করছেন। এবিষয়ে উভয়পক্ষ লোহাগাড়া থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী মোঃ দেলোয়ার বলেন বলেন, তার মালিকাধীন দীর্ঘদিনের ভোগদখলীয় জায়গায় আকাশমনি, ইউক্যালিপটাস ও বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ গাছের বাগান করেন। ঘটনার দিন গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে হারুনসহ প্রতিপক্ষের লোকজন বাগানের ঘেরা-বেড়া ভাংচুর করে। বাগানের ৩ মাস বয়সী প্রায় ৬ হাজার গাছের চারা উপড়াইয়া ফেলে।
অন্যদিকে, অভিযুক্ত মোহাম্মদ হারুন মাঝি ওই জায়গার মালিক দাবী করে বলেন, আমার জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের বাগান বাগান করেছি। ঘটনার দিন দেলোয়ার গভীর রাতে আমার গাছগুলো কেটে ফেলেছে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, পৈতৃক সূত্রে দেলোয়ার দীর্ঘদিন যাবত ওই জমি ভোগদখল করে আসছে। অভিযুক্ত হারুন মাঝির লোকজন বাগানের চারা নষ্ট করেছে বলে শুনেছি।
লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন মাহমুদ বলেন, গাছের চারা কেটে ফেলায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Developed By Muktodhara Technology Limited