শিরোনাম
রাউজান প্রতিনিধি | ২১:০০, সেপ্টেম্বর ১৭, ২০২১
চট্টগ্রামের রাউজানে পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য হাফেজ বজলুর রহমানের সড়কের কালভার্ট ও নালা সংস্কারে রাস্তা খননের সময় গ্যাস লাইনের পাইপ ফেটে বের হচ্ছে গ্যাস। ফলে যেকোনো সময় আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় আধঘণ্টা ধরে গ্যাস বের হলেও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।
স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণ কাজে স্কেভেটর দিয়ে গর্ত করার সময় গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। এতে প্রচুর পরিমাণ গ্যাস বের হচ্ছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও সড়কে যান চালাচল বন্ধ রাখা হলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের লোকজন কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। এতে প্রচুর পরিমাণ গ্যাস নির্গত হচ্ছে। বিষয়টি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসার জন্য রওনা দিয়েছেন বলে জানিয়েছেন।’
কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জরুরি নম্বরে ফোন করা হলে অপারেটর স্নেহময় দত্ত পরিচয়ে এক কর্মকর্তা বলেন, ‘আধঘণ্টা আগে খবর পেয়েছি। আমাদের লোকজন সেখানে যাচ্ছে, তারা নোয়াপাড়া অতিক্রম করছে বলে জানিয়েছেন।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল’র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম।
Developed By Muktodhara Technology Limited